সিনোফার্মা-মডার্ণার দেড় লক্ষাধিক টিকা পৌছল চট্টগ্রামে

আপডেট: August 21, 2021 |
print news

চট্টগ্রামবাসীর জন্য আবারো সুখবর শোনালো চট্টগ্রাম জেলা সিভিল সার্জন। টিকা প্রাপ্তিদের অপেক্ষমান দীর্ঘ সারি ছোট করার লক্ষ্যে আরো দেড় লক্ষাধিক টিকা আনা হলো চট্টগ্রামে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, আজ ভোর ৬টায় আরও ১ লাখ ৫৩ হাজার ৮শ ডোজ টিকা নিয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে টিকা বহনকারী বিশেষ গাড়িটি পৌঁছায়। এরপর টিকাগুলো চট্টগ্রামের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।

তিনি বলেন,নতুন করে আসা দেড় লক্ষাধিক টিকার মধ্যে সিনোফার্মের ১ লাখ ২৩ হাজার ৬শ ডোজ ও মর্ডানার ৩০ হাজার ২শ ডোজ টিকা আনা হয়েছে।

এর এক সপ্তাহ আগে গত ১৪ আগস্ট চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা এসেছিল। এর মধ্যে মর্ডানার ১ লাখ ৩৬ হাজার ৮০ ডোজ এবং সিনোফার্মের ১ লাখ ৯৯ হাজার ২শ ডোজ ভ্যাকসিন ছিল।

এছাড়াও চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে ৩১ জানুয়ারি প্রথম দফায় এসেছিল ৪ লাখ ৫৬ হাজার ডোজ। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল ৩ লাখ ৬ হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে ১ লাখ ৮ হাজার ডোজ।

এছাড়া গত ১১ জুলাই ও ৬ আগস্ট দুই দফায় মডার্নার ১ লাখ ৪৩ হাজার ৪শ ডোজ টিকা আসে। তিন ধাপে সিনোফার্মের আসে ৩ লাখ ৩২ হাজার ৮শ ডোজ টিকা।

বৈশাখী নিউজ/ এপি

Share Now