দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টায় আবহা্ওয়ার অবস্থার সামান্য পরিবর্ন হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
ঢাকায় বাতাসের দিক ও গতি সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৯৪ শতাংশ।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো মংলায়; যা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রামে; যা ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪১ মিনিটে।








