হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়

দিল্লি এইমস থেকে সুস্থ হয়ে ফিরলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। খবর কলকাতা টিভি
এর আগে ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল জগদীপ ধনখড়কে ভর্তি করানো হয়েছে দিল্লি এইমসে। রোববার রাজ্যপালের ম্যালেরিয়া আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। সোমবার তার জ্বর বাড়তে থাকায় তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
উৎসবের ছুটি কাটাতে উত্তরবঙ্গে গিয়েছিলেন রাজ্যপাল। উত্তরবঙ্গে থাকাকালীন স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনে চেপে দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত বেড়াতেও যান তিনি। ঘুমে গিয়ে মিউজিয়ামও ঘুরে দেখেন।
এরপর সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে তিনি সোজা দিল্লি যান। হঠাৎই জ্বর আসায় শুক্রবার রক্ত পরীক্ষা করানো হয়। রক্তে ধরা পড়ে ম্যালেরিয়ার সংক্রমণ। দিল্লির বঙ্গভবনেই চিকিৎসা চলছিল জগদীপ ধনখড়ের। জ্বর বাড়তে থাকায় সোমবার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন রাজ্যপাল। তার অসুস্থতার খবর পেয়ে ফোন করে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে সাক্ষাতের ছবি নিজেই ট্যুইটারে পোস্ট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেই বৃহস্পতিবার সকালে তিনি সুস্থ হয়ে উঠলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
হাসপাতাল থেকে বেরিয়ে টুইট করেন রাজ্যপাল। ধন্যবাদ জানান AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলারিয়াকে। এছাড়াও ধন্যবাদ জানান নিরজ নিশ্চলকে। তিনি লেখেন, ‘স্বাস্থ্য সমস্যাগুলির দেখাশোনা করার জন্য ধন্যবাদ। সুস্থ হয়ে AIIMS ছাড়ছি। AIIMS ডাক্তার ও নার্সিং স্টাফদের পেশাদারিত্ব অত্যন্ত প্রশংসনীয়।’







