আগামীকাল আন্তর্জাতিক বাণিজ্যমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী কাল রোববার (১ জানুয়ারি) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এ মেলায় থাকবে দেশি-বিদেশি বিভিন্ন ক্যাটাগরির ৩৩৬টি স্টল। এরইমধ্যে আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। দর্শনার্থীদের জন্য কুড়িল বিশ্বরোড থেকে থাকবে বাসের ব্যবস্থা।
রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্যমেলার ভেন্যু প্রস্তুত, মেট্রোরেলের আদলে সাজানো হয়েছে এবারের মেলার প্রবেশদ্বার। গত বছর করোনার কারণে ছোট পরিসরে ছিলো আয়োজন। তবে, এ বছর বদলেছে চিত্র। থাকবে বিভিন্ন ক্যাটাগরির ৩৩৬টি স্টল। দেশিয় প্রতিষ্ঠানের পাশাপাশি অংশ নিচ্ছে সিঙ্গাপুর, তুরস্ক, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারত, পাকিস্তানসহ ১০টি দেশের অন্তত ১৭টি প্রতিষ্ঠান। দর্শনার্থীদের সুবিধায় সংস্কার করা হয়েছে রাস্তাঘাট। খুলে দেয়া হয়েছে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৭তম আসর উপলক্ষে আমরা সর্বাত্মক প্রস্ততি গ্রহণ করেছি। প্রায় সমস্ত স্টলের নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। আগামীকাল (১ জানুয়ারি) প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন করবেন।
দর্শনার্থীদের জন্য থাকছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। মেলার পুরো সময়জুড়ে মেলাপ্রাঙ্গন ও আশেপাশে মোতায়েন থাকবেন পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। পাশাপাশি মেলার ভেতরে-বাইরে বসানো হয়েছে ২৭০টি সিসি ক্যামেরা।
বাণিজ্যমেলার নিরাপত্তা প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু বললেন, মেলার আশেপাশে আট শতাধিক পুলিশ সদস্য উপস্থিত থাকবেন। সেই সাথে সাদা পোষাকের পুলিশ ও আমাদের গোয়েন্দা বিভাগের লোকজনও কাজ করবেন।
বাণিজ্য মেলায় নির্বিঘ্নে যাওয়ার জন্য ৩০০ ফিট রাস্তা যাতায়াত উপযোগী করা হয়েছে। এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে। মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রয়েছে। একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে।












