ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আপডেট: July 1, 2023
|

ইন্দোনেশিয়ার বৃহত্তম ও সবচেয়ে জনবহুল দ্বীপ জাভায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। এতে রিপোর্ট লেখা পর্যন্ত একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
তবে নিহত ওই ব্যক্তি ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জাকার্তা পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর এই ভূমিকম্প আঘাত হানে।
দেশটির দুর্যোগ মোকাবিলা বিভাগ বিএনপিবি এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
ভূমিকম্পের জেরে জাভার কেন্দ্রীয় অঞ্চল ও ইয়োগিয়াকার্তা শহরের শতাধিক বাড়িঘর, অফিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি।




