১৫০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: October 19, 2023 |
inbound2056552651915747748
print news

সড়ক ও জনপথ অধিদপ্তরের ১৫০ সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫০ সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ নেটওয়ার্কে সূচিত হতে যাচ্ছে আরও একটি মাইলফলক।

তেজগাঁওয়ের সড়ক ভবনে আয়োজিত অনুষ্ঠানে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ভার্চুয়ালি এসব সেতু উদ্বোধন করবেন তিনি।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত আছেন।

দেশের ৮ বিভাগের ৩৯ জেলায় নির্মিত এ ১৫০ সেতুর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। এগুলো নির্মাণে ব্যয় হয়েছে মোট তিন হাজার ২৮৭ কোটি টাকা।

এছাড়াও রংপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা জেলায় ১৪টি ওভারপাস উদ্বোধন করবেন শেখ হাসিনা। ২০৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব স্থাপনার মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার।

একই অনুষ্ঠান থেকে ময়মনসিংহের কেওয়াটখালী সেতু ও রহমতপুর সেতুর ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

এরপর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ভবন, বিআরটিএর স্বয়ংক্রিয় মোটরযান পরীক্ষা কেন্দ্র, বিআরটিসির বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় ১৬টি সেতু আজ উদ্বোধন হচ্ছে।

একই সংস্থার অর্থায়নে চলমান ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নির্মিত ২১ সেতুর উদ্বোধন হতে যাচ্ছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় চলমান এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ১৪ সেতু উদ্বোধন হচ্ছে।

এ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুর জেলায় মোট ১৪টি ওভারপাসও উদ্বোধন হবে।

Share Now

এই বিভাগের আরও খবর