কেন্দুয়ায় বিলে বিষ দিয়ে ৬ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ

মো: হুমায়ুন কবির কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি একটি বিলে বিষ প্রয়োগ করে অন্তত ৬ লাখ টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।
বুধবার (১ নভেম্বর) রাতের যেকোনো সময় উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াটিয়া বিলে ঘটেছে এ ঘটনাটি।
এ ঘটনায় বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে নোয়াটিয়া বিলের লিজ গ্রহণকারী সদস্য স্থানীয় সরাপাড়া গ্রামের বাসিন্দা রেহান মিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ৮ জনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বরাতে জানা গেছে, স্থানীয় কামারগাঁও গ্রাম সংলগ্ন ৪.৩৬ একর আয়তনের নোয়াটিয়া সরকারি বিলটি গত এপ্রিল মাসে সরকারি নিয়ম মোতাবেক তিন বছরের জন্য লিজ নেয় সরাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সংগঠন।
এরপর তারা ওই বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেড়ে পরিচর্যা করে আসছিলেন।
তবে বিলটি লিজ নেওয়ার পর থেকেই কামারগাঁও গ্রামের পলাশ মিয়া, জাহাঙ্গীর, দিকুল ইসলাম, শাহ আলম, ফরিদ মিয়া, নজরুল, ইছব আলী, মজু হকসহ তাদের লোকজন বিল থেকে লিজ গ্রহণকারীদের উচ্ছেদ করতে নানা রকম পাঁয়তারাসহ অবৈধভাবে বিলের মাছ ধরে আসছিলেন।
সর্বশেষ গত বুধবার (১ নভেম্বর) সকালে পূর্ব নোটিশের মাধ্যমে উভয়পক্ষকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক জরুরি সভা করা হয়।
সভায় কামারগাঁও গ্রামের লোকজনকে বিলে মাছ ধরতে নিষেধ করা হয় এবং বিষয়টি দেখভালের জন্য স্থানীয় দুটি ওয়ার্ডের ইউপি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়।
এরইমধ্যে বুধবার রাতের যেকোনো সময় বিলটিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেন প্রতিপক্ষের লোকজন।
এদিকে বৃহস্পতিবার সকালে লিজ গ্রহণকারীরা বিলে গেলে সব মাছ মরে ভেসে উঠতে দেখেন।
পরে উপজেলা প্রশাসনের সাথে পরামর্শক্রমে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কামারগাঁও গ্রামের পলাশ মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সকালে জানতে পারি বিলে মাছ মরে ভেসে উঠেছে। আমরা এর সাথে জড়িত নই। আমার ধারণা অন্যকোন লোকজন এ কাজ করেছে।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।













