কেন্দুয়ায় বিষ প্রয়োগে ১৫ শত হাঁস নিধন

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের ফরিদ মিয়ার ১৫শত হাঁস বিষ প্রয়োগে নিধন করার অভিযোগ উঠেছে।
এতে খামারীর প্রায় ৪লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।
এ নিয়ে ভুক্তভোগী ফরিদ মিয়া প্রতিপক্ষের ৯ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (৩ নভেম্বর) ফরিদ মিয়া জানান, খামারে থাকা আড়াই মাস বয়সী ২৫ শত হাঁস গ্রামের সামনে নোয়াটিয়া বিলে পতিত জমিতে তিনি হাঁস গুলোকে খাবার খাওয়াতে ছেড়ে দিয়ে আসতেন।
বৃহস্পতিবার ( ২ নভেম্বর) সকালে হাঁস গুলো বিলে খাবার খাওয়ার জন্য ছেড়ে আসলে বিকালে বাড়িতে আনতে গিয়ে দেখেন অন্তত ১৫ শত হাঁস বিলের জমিতে মরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
বাতাসে বিষের গন্ধ ভেসে আসার বিষয়টি তিনি সহ অন্যলোকজন টের পায় বলেও জানান।
ফরিদ মিয়া আরো জানান ,নোয়াটিয়া বিলের লিজ গ্রহণকারী সদস্য স্থানীয় সরাপাড়া গ্রামের বাসিন্দা রেহান মিয়া গাংরা বিলের পতিত জমিতে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মূল্যের ১৫ শত হাঁস নিধন করেছে।
এ নিয়ে তিনি কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে নোয়াটিয়া বিলের লিজ গ্রহণকারীদের সদস্য সরাপাড়া গ্রামের বাসিন্দা রেহান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা বিলের জমিতে কোন প্রকার বিষ প্রয়োগ করে নাই। ফরিদ মিয়া তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
তাদের নিজকৃত বিলে বুধবার রাতে বিষ দিয়ে মাছ নিধর করা হয়েছে। এ নিয়ে তারাও একটি লিখিত অভিযোগ করেছে কেন্দুয়া থানায়।
এ ব্যাপারে শুক্রবার দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, এ ঘটনায় দু’টি বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













