গাজীপুরে রেলে নাশকতা, কাউন্সিলরসহ ৭জন গ্রেপ্তার

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে রেল লাইনে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
গাজীপুরের ভাওয়াল গাজীপুর ও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেলায় ১৩ ডিসেম্বর (গত বুধবার) ভোর ৪টার দিকে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়।
এতে ট্রেনযাত্রী আসলাম মিয়া নিহত ও লোকো মাস্টারসহ ১০ জন গুরুতর আহত হন। এছাড়া ওই ঘটনায় কমবেশি আহত হন অর্ধশতাধিক যাত্রী।
এই ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় বৃহস্পতিবার মামলা হয়। রেলওয়ে কর্মকর্তা আশরাফুল আলম বাদি হয়ে নাশকতা ও হত্যার অভিযোগ এনে কমলাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে এ মামলা দায়ের করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িত সাতজনকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, মো: হাসান আজমল ভূইয়া, জুলফিকার নাইন আশরাফী, শাহীনুর আলম, মোঃ সাইদুল ইসলাম,সোহেল রানা,জান্নাতুল ইসলাম, মেহেদী হাসান।
এ ব্যাপারে দুপুরে এক প্রেসব্রিফিংয়ে জিএমপি কমিশনার মো: মাহাবুব আলম জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই বিএনপির সক্রিয় নেতা কর্মী।



