আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

দেব্রত মন্ডল, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় নিতাই আগরওয়ালা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শীতের দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় রেললাইনের ওপর বসে রোদ পোহাচ্ছিলেন নিতাই আগরওয়ালা (৫২)।
এসময় চিলাহাটী থেকে ছেড়ে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি রেলগেট এলাকায় ঢুকে পড়ে। তাড়াহুড়া করে রেললাইনের ওপর থেকে উঠতে গিয়ে নিতাই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে আক্কেলপুর রেলস্টেশনের অদূরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিতাই আগরওয়ালা আক্কেলপুর পৌরশহরের পুরাতন বাজার মহল্লার মৃত হীরালাল আগরওয়ালার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আক্কেলপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, নিতাই আগরওলা শুধু রাতের বেলায় বাড়িতে গিয়ে ঘুমাতেন।
এছাড়া সারাদিনই আক্কেলপুর রেলগেটের আশপাশে বসে থাকতেন।
প্রতিদিনের মতো রোববার (২৪ ডিসেম্বর) সকালে বাড়ি থেকে এসে রেলগেট এলাকায় ঘোরাফেরা করেন। এরপর রোদ পোহাতে রেলগেট এলাকায় দুই নম্বর লাইনে বসে ছিলেন।
এসময় খুলনাগামী রকেট মেইল ট্রেনটি রেলগেটে ঢুকে পড়ে। রেললাইন থেকে তাড়াহুড়া করে উঠতে গিয়ে মুহূর্তের মধ্যে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, আক্কেলপুর রেলগেট এলাকায় রকেট মেইল ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। স্বজনেরা লাশ নিয়ে গেছে। পরিবারের কোনো অভিযোগ নেই।




