আইসিসি র‌্যাংকিংয়ে সবার ওপরে মুস্তাফিজুর রহমান

আপডেট: January 3, 2024 |
boishakhinews 22
print news

 

নিউজিল্যান্ড সফরটা দুর্দান্ত কেটেছিল শরিফুল ইসলামের। ১-১ সমতায় শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ ৬ শিকার করেছিলেন বাংলাদেশের এই পেসার। আলোকিত এই নৈপুণ্যে সিরিজসেরার পুরস্কারও উঠেছিল তাঁর হাতে। নিউজিল্যান্ডে বল হাতে দুর্দান্ত সাফল্যের প্রভাব পড়েছে আইসিসি র‌্যাংকিংয়েও।

আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাংকিংয়ে বড় একটা লাফ দিয়েছেন শরিফুল। এক লাফে ৩২ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই পেসার। বড় এই লাফ দিয়েও অবশ্য ৫৬ নম্বরে আছেন শরিফুল ইসলাম। তাঁর রেটিং পয়েন্ট ৪৬২।

সর্বশেষ র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমানেরও। এই পেসার এগিয়েছেন ৫ ধাপ। ৬০৫ রেটিং পয়েন্ট নিয়ে মুস্তাফিজুর রহমানের বর্তমান অবস্থান ২২তম।

বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বশেষ হালনাগাদ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সবার ওপরে অবস্থান মুস্তাফিজুর রহমানের।

আগে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে না থাকার ছাপ পড়েছে দেশসেরা অলরাউন্ডারের র‌্যাংকিংয়েও। ছয় ধাপ পিছিয়ে সাকিব নেমে গেছেন ২৮তম স্থানে। তাঁর বর্তমান রেটিং পয়েন্ট ৫৮০। বোলারদের র‌্যাংকিংয়ে পেছালেও অলরাউন্ডার র‌্যাংকিংয়ের ১ নম্বরেই আছেন দেশসেরা এই অলরাউন্ডার।

বাংলাদেশের বিপক্ষে সদ্যঃসমাপ্ত সিরিজে দারুণ পারফর্ম দেখানো মিচেল স্যান্টনার এগিয়েছেন ৮ ধাপ। ৬৫৭ রেটিং পয়েন্ট নিয়ে সেরা দশেও জায়গা পেয়েছেন তিনি। বর্তমানে আছেন অষ্টম স্থানে। শীর্ষে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ। ব্যাটারদের টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ভারতের সূর্যকুমার যাদব।

টেস্ট ব্যাটাদের র‌্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দুয়ে ইংল্যান্ডের জো রুট। চার ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন বিরাট কোহলি (নবম)। টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ১ নম্বরে ভারতের রবিচন্দ্রন অশ্বিন। আর অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে রবীন্দ্র জাদেজা। আইসিসি

Share Now