কেন্দুয়ায় দুই ভোট কেন্দ্রের সামনে আগুন ধরিয়ে বিএনপির প্রতিবাদ

আপডেট: January 6, 2024 |
inbound4967678336493735484
print news

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুটি ভোট কেন্দ্রের সামনে আগুন ধরিয়ে নির্বাচনের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৬ জানুয়ারি) কেন্দুয়া পৌরশহরের পারভীন সিরাজ মহিলা কলেজ ভোট কেন্দ্রের মূল গেইটের সামনের সড়কে আগুন ধরিয়ে নির্বাচন বাতিলের দাবি জানান জেলা বিএনপি নেতা কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলালের সমর্থকরা।

পরে তারা উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী সাইফুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের দরজার সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এ সময় বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে নানারকম শ্লোগান দেন।

এর আগে গত শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সেলিম মিঞা বলেন, খবর পেয়ে রাতেই ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছি।

ওইসব ভোট কেন্দ্রে দায়িত্বরত গ্রামপুলিশ ও আনসারসহ সংশ্লিষ্টরা ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়।

তবে আগুনে পুড়ে দুরচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

নেত্রকোনা-৩ আসনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিলের সাথে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক) ও মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল) স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন।

এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূইয়া (লাঙ্গল), তৃণমূল বিএনপির মিজানুর রহমান খান (সোনালী আঁশ) ও ইসলামি ঐক্যজোটের এহতেশাম সারওয়ার (মিনার) প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠে তাদের নিয়ে তেমন কোনো আলোচনা নেই।

তবে নৌকার প্রার্থী অসীম কুমার উকিলের সাথে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর তুমুল লড়াই হবে বলে জানান ভোটাররা।

জেলার কেন্দুয়া এবং আটপাড়া এই দুই উপজেলার একটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত নেত্রকোনা-৩ আসনে ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৫১৩ জন এবং ভোট কেন্দ্রের সংখ্যা রয়েছে ১৪৯টি।

Share Now