যারা ভোটের বিরোধিতা করছেন, জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে : নানক

আপডেট: January 7, 2024 |
boishakhinews 51
print news

 

ঢাকা-১৩ সংসদীয় আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছেন, তারা গণতন্ত্রের বিরোধিতা করছেন। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

আজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে সকাল ৯টায় নিজের ভোট প্রদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বড় রাজনৈতিক দল যারা ছিল তাদের মধ্যে যারা ভোট বর্জনের রাজনীতি করেছে, ভোট প্রতিরোধের রাজনীতি করেছে, তারা দেশ থেকে নিঃশেষ ও বিলীন হয়ে গেছে।

তিনি বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা আসছেন। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আছে।

তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি।
ভোটারদের উদ্দেশে নানক বলেন, ভোটারদের বলব, ভোটকেন্দ্রে আসুন, নির্ভয়ে ভোট দিন। দেশের গণতন্ত্র রক্ষার্থে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, শীতের সকাল, আমি নিশ্চিত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা আরো বেড়ে যাবে।

এ এলাকায় একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সহধর্মিণী অ্যাডভোকেট সৈয়দা আরজুমান বানু নার্গিস ভোট প্রদান করেন। আরজুমান বানু নার্গিস বলেন, সবাই ভোটকেন্দ্রে আসুন, নৌকা মার্কায় ভোট দিন।

Share Now