বিএনপির কথা মানুষ শোনে না : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি অগ্নিসংযোগ করে ট্রেনে আগুন দেয়। বিএনপি ইতিমধ্যে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বিএনপির কথা মানুষ শোনে না। মানুষ ওদের ধিক্কার দেয়, ঘৃণা করে।
আজ বরিবার নির্বাচনের দিন ভোলা শহরের টাউন কমিটি (বাংলা স্কুল) মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আজকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ কেন্দ্রে এসে যার যার পছন্দমতো প্রার্থীকে ভোট দিচ্ছেন। সুতরাং অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে।
’
তিনি আরো বলেন, ‘ভোলায় ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। বিএনপি বলেছে ভোটকেন্দ্রে না যেতে। বিএনপির কথা কেউ শোনে? সব বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ ভোটকেন্দ্রে আসছে। কোনো বাধা নেই।
এ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নৌকার প্রার্থী নির্বাচিত হবে এটাই আমার প্রত্যাশা।’
এ সময় তার সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।








