এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ আছে: মাসুদ বিন মোমেন

আপডেট: January 7, 2024 |
boishakhinews 69
print news

ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি নিয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘শহরের মানুষ একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আমার মনে হয় তারা আসবে। তবে গ্রামে খবর পেলাম ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভালো।’ যত সময় গড়াবে ভোটারদের উপস্থিতি তত বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ রবিবার ঢাকা-১০ আসনে শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘বিদেশে থাকায় অনেক বছর ভোট দিতে পারিনি। মায়ের সঙ্গে বাবা যেতেন (ভোটকেন্দ্রে)। কয়েক বছর আগে বাবা মারা যাওয়ায় এখানে মায়ের সঙ্গে ভোট দিতে এসেছি।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘আজ সকাল থেকে বিদেশী পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণ করছেন এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পর তারা মতামত জানাবেন।’

সাংবাদিক ছাড়া ১২৭ জনেরও বেশি বিদেশী পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ আছে। অনেকে ভয় পেয়েছিল। তারপরও যারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন তারা হয়তো ভোট দিবেন।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী। ভোটারদের উপস্থিতি গুরুত্বপূর্ণ বিষয়। তবে পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ ও মসৃণ হচ্ছে কি না তা দেখা দরকার।’

সম্ভাব্য কম ভোটার উপস্থিতি নিয়ে পশ্চিমা দেশগুলোর ধারণা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, ‘এটি তাদের বিবেচনার বিষয়। যদি ভোটারদের উপস্থিতি যথেষ্ট হয়, তবে তা নির্বাচন ও এর বিশ্বাসযোগ্যতার পক্ষেই যাবে।’

পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘যেসব বিদেশী তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন, তারা ট্রেনে অগ্নিসংযোগে মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।’

বিদেশী পর্যবেক্ষক এবং কূটনীতিকরা বিকাল ৫টার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

Share Now