সালাউদ্দিনকে দেখতে গেলেন ক্রীড়ামন্ত্রী

নাজমুল হাসান যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে তাঁর একটি কথার লড়াই হয়ে যায়। অর্থসংকটে মেয়েদের ফুটবল দলকে অলিম্পিক প্রাক-বাছাইয়ে পাঠাতে না পারা নিয়ে চারদিকে সমালোচনার মধ্যে বিসিবি সভাপতিকে ব্যক্তিগত আক্রমণ করে বসেছিলেন সালাউদ্দিন। নাজমুলও পাল্টা জবাব দিয়েছিলেন। তবে এরপর নাজমুলের মন্ত্রিত্ব এবং সালাউদ্দিনের বাইপাস সার্জারি পরিস্থিতি বদলে দিয়েছে।
আজ সালাউদ্দিনের গুলশানের বাসায় তাঁকে দেখতে গিয়ে নাজমুল তাই বলেছেন, ‘যা কিছুই হয়েছে, সম্পর্ক তো আর শেষ হয়ে যায়নি।’
দুজনের তিক্ততার পর এই সাক্ষাৎ নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ ছিল সংবাদমাধ্যমের। সালাউদ্দিনকে দেখে বেরিয়ে এসে নাজমুলকে তাই সেই অপ্রিয় প্রসঙ্গ নিয়েও বলতে হয়। তবে ক্রীড়ামন্ত্রী ছিলেন স্বাচ্ছন্দ্য, ‘এত বছরের সম্পর্ক, এক দিনের কথায় তো আর নষ্ট হয় না।
ছোটবেলায় মাঠে যেতামই তো ওনার খেলা দেখতে। ওনার মতো কিংবদন্তি ফুটবলার তো আর নেই। সেই ব্যাপারটা তো আছে। অনেক সময় অনেক কথা হয়, তাতে উনিও আঘাত পেতে পারেন, আমিও পেতে পারি।
কিন্ত সম্পর্ক তো শেষ হয়নি।’
বাইপাস সার্জারির সুস্থতার পথে থাকা সালাউদ্দিনকে দেখেও আনন্দিত নাজমুল, ‘দেখে মনে হয়েছে, আল্লাহর রহমতে উনি খুব ভালো আছেন এখন। হাঁটাচলা করছেন স্বাচ্ছন্দ্যে, যেটা দেখেই ভালো লাগছে। স্বাভাবিকভাবেই এমন সার্জারির পর আরো কিছু সময় লাগবে ওনার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে।’
মন্ত্রিত্ব নেওয়ার পর নাজমুল এর মধ্যেই বাফুফের কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন।
আজকের সাক্ষাতেও সে সব কিছু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি, ‘মাঠের সমস্যাটাই এখন মূল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজের অগ্রগতির জন্য আমি জোর চেষ্টা করব। আর কোথায় ফুটবলের জন্য মাঠের ব্যবস্থা করা যায় সেটাও দেখব।








