অস্কার জিতেছিল নাভালনিকে নিয়ে তৈরি ডকুমেন্টরি ফিল্ম

আপডেট: February 18, 2024 |
boishakhinews 109
print news

 

রাশিয়ার কারাগারে বিরোধী নেতা আলেক্সাই নাভালনির মৃত্যু ঘিরে এই মুহূর্তে তুমুল আলোচনা চলছে বিশ্বব্যাপী। মস্কোসহ বিশ্বের বিভিন্ন দেশের শহরে পুতিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নাভালনির শোকার্ত সমর্থকরা। অদ্ভুত বিষয় হচ্ছে, দুই বছর আগে এই রাজনীতিবিদের মৃত্যুর সম্ভাব্য ইঙ্গিত দেওয়া হয়েছিল একটি ডকুমেন্টরি ফিল্মে, যা ৯৫তম অস্কারের মঞ্চে অস্কারও জিতে নিয়েছে।

২০২২ সালে মুক্তি পায় ডকুমেন্টরি ফিল্ম ‘নাভালনি’।

সেই ডকুমেন্টরিতে আলেক্সাই নাভালনির কিছু কথপোকথন এখন মর্মাহত করছে রাশিয়ার বিরোধী দলের কর্মীদের। ওই সিনেমায় নাভালনিকে সম্ভাব্য হত্যার বিষয়ে প্রশ্ন করেছিলেন পরিচালক। কিন্তু সেই অনুমান একদিন সত্যিই ঘটে যাবে, তা হয়তো কেউ কল্পনাও করেননি। এখন নাভালনির মৃত্যুতে আবারও আলোচনায় সেই ডকুমেন্টরি।

অস্কারের মঞ্চেও বেশ প্রশংসা কুড়িয়েছিল এটি এবং ৯৫তম আসরে ‘বেস্ট ডকুমেন্টরি ফিচার’ ক্যাটাগরিতে পুরস্কার পায় ফিল্মটি।
1
অস্কারজয়ী ডকুমেন্টরি ‘নাভালনি’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক নাভালনিকে ২০২০ সালের অগাস্টে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা চালানো হয়। সে ঘটনা নিয়েই পরে ডকুমেন্টরি বানান কানাডিয়ান পরিচালক ড্যানিয়েল রোহার। পরিচালক হয়তো অনুমান করেছিলেন, নাভালনিকে আবারও হত্যার চেষ্টা চালানো হতে পারে।

সেই অনুমান থেকেই ডকুমেন্টরির শুরুতেই তিনি নাভালনির কাছে প্রশ্ন রাখেন, ‘আপনাকে যদি মেরে ফেলা হয়, রাশিয়ার জনগণের জন্য কী বার্তা রেখে যাবেন?’
জবাবে হেসে নাভালনি উত্তর দিয়েছিলেন, ‘আরে ধুর, ড্যানিয়েল! মনে হচ্ছে আমাকে হত্যা করা হবে ধরে নিয়েই তুমি সিনেমা বানাচ্ছ।’

২০২২ সালের ১১ এপ্রিল ‘নাভালনি’ ডকুমেন্টরিটি মুক্তি পায়। পরের বছরের মার্চে অস্কারে ‘বেস্ট ডকুমেন্টরি ফিচার’ ক্যাটাগরিতে পুরস্কার পায় এটি। আর এক বছর পর গত শুক্রবার রাশিয়ার এক কারাগারে পুতিনবিরোধী এই নেতার মৃত্যুর খবর দেয় দেশটির সরকার। তাঁর মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েন নাভানলি ডকুমেন্টরির পরিচালক, বন্ধু ড্যানিয়েল রোহার।

বিবিসিকে তিনি বলেন, ‘তার মৃত্যুর খবর শোনার পর আমি হতবাক হয়ে গেছি।’
২০২০ সালের আগস্ট মাসে রাশিয়ার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন নাভালনি। অসুস্থ নাভালনিকে নিয়ে তাঁর ফ্লাইট সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণ করে। ওই শহরেরই একটি হাসপাতালে তাঁকে প্রথম চিকিৎসা দেওয়া হয়েছিল। শেষমেশ কোমায় থাকা নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়ার অনুমতি দেয় রুশ সরকার। জার্মান সরকার তখন জানায়, নাভালনিকে সোভিয়েত-ধাঁচের বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। রাসায়নিক নার্ভ এজেন্ট নভিচকের শিকার হয়েছেন আলেক্সাই নাভালনি।

নাভালনির বিষক্রিয়ার পর তাঁর সুস্থ হয়ে ওঠা এবং পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো উঠে এসেছে ডকুমেন্টরিতে। রাশিয়ায় নাভালনির ফেরার দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে নেমেই গ্রেপ্তার হন তিনি।

গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ৪৭ বছর বয়সী নাভালনির মৃত্যুর খবর ঘোষণা করে রুশ কারা কর্তৃপক্ষ। তাঁর মৃত্যুর খবর শুনে বিক্ষোভ করায় শতাধিক মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে। নাভালনি ছিলেন রাশিয়ায় গত এক দশকের সবচেয়ে পরিচিত বিরোধী নেতা।

Share Now

এই বিভাগের আরও খবর