টাইমস স্কয়ারে শাকিবের ভক্তদের জন্মদিন পালন

আপডেট: March 29, 2024 |
boishakhinews 125
print news

 

আলোকজ্জ্বল বিলবোর্ডে শোভা পাচ্ছে ঢালিউড কিং শাকিব খানের একটি স্থিরচিত্র। তাতে লেখা রয়েছে— ‘আমরা আপনাকে ভালোবাসি।’ এরপর শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ প্রদর্শিত হয় বিলবোর্ডটিতে। যুক্তরাষ্ট্রপ্রবাসী এফ আর ফারজানা আক্তার তার ফেসবুকে একাধিক ভিডিও পোস্ট করেছেন। তাতে এমন দৃশ্য দেখা যায়।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারকে বলা হয় বিশ্ব বিনোদনের অন্যতম কেন্দ্র। আর সেই টাইমস স্কয়ারের সবচেয়ে বড় বিলবোর্ডে প্রদর্শিত হয় শাকিব খানের ছবি ও ভিডিও।

মূলত, গতকাল ছিল ঢালিউড কিং শাকিব খানের জন্মদিন। এ উপলক্ষে টাইমস স্কয়ারে প্রিয় নায়কের জন্মদিন উদযাপন করেন তার ভক্তরা।

এ বিষয়ে ফারজানা আক্তার বলেন, ‘আজ একজন শাকিবিয়ান হিসেবে স্বপ্ন সত্যি হবার দিন! নিউইয়র্ক টাইম স্কয়ারে এই উদযাপন সকল শাকিবিয়ানদের পক্ষ থেকে মহা-নায়ক শাকিব খানকে উৎসর্গ করলাম। শুভ জন্মদিন! শাকিবিয়ানরা আপনাকে ভালোবাসে।’

আরেক শাকিব ভক্ত বলেন, ‘আজ আমি অত্যন্ত আনন্দিত। এই আনন্দের কারণ বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। আজ আমরা টাইমস স্কয়ারে প্রিয় নায়কের জন্মদিন উদযাপন করলাম। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান তার সুপারস্টারের খ্যাতি ছড়িয়েছেন বিশ্বেও।’

বিলবোর্ডে শাকিবের ছবি প্রদর্শনীর পাশাপাশি টাইমস স্কয়ারে কেক কাটেন শাকিব ভক্তরা।

Share Now