রাইসির জানাজা পড়ালেন আয়াতুল্লাহ খামেনি

আপডেট: May 22, 2024 |
inbound2446497203426295518
print news

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটি অব তেহরানে।

বুধবার (২২ মে) অনুষ্ঠিত এ জানাজায় ইমামতি করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে বলা হয়, কালো পোশাক পরে রাইসি ও তার সফরসঙ্গীদের জানাজায় অংশ নিয়েছে ১০ লক্ষাধিক মানুষ ।

জানাজা শেষে বহু মানুষকে রাইসির কফিন ছুঁয়ে শোক প্রকাশ করতে দেখা গেছে।

জানাজায় উপস্থিত ছিলেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং লেবানিজ হিজবুল্লাহ প্রতিরোধের ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেমসহ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের অক্ষের নেতারা।

এছাড়া বিভিন্ন দেশের নেতা, রাষ্ট্রপতি, রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বরা জানাজায় অংশ নেন।

তেহরান বিশ্ববিদ্যালয়ে জানাজা শেষে রাইসির কফিন নিয়ে আজাদি চত্বরের পথে একটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। এতেও যোগ দেন লক্ষ লক্ষ মানুষ।

এর আগে মঙ্গলবার (২১ মে) ইরানের উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে রাইসিসহ দুর্ঘটনায় নিহত আট সফরসঙ্গীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যায় রাইসির মরদেহ নিয়ে যাওয়া হয় কুওম শহরে, যেখানে ইব্রাহিম রাইসি পড়াশোনা করেছেন।

কুওমে আরেকটি জানাজা শেষে রাইসি ও তার সঙ্গীদের মরদেহ তেহরানে নেয়া হয়। সব আনুষ্ঠানিকতা শেষে রাইসিকে বৃহস্পতিবার (২৩ মে) ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় জন্মশহর মাশহাদে দাফন করা হবে।

গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন।

Share Now

এই বিভাগের আরও খবর