বিমানবন্দর-৩০০ ফিট-গুলশানে বিজিবি মোতায়েন

আপডেট: December 25, 2025 |
inbound6978519630276434375
print news

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নিরাপত্তা জোরদারে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিমানবন্দরের বিভিন্ন গেট ঘুরে দেখা গেছে, এয়ারপোর্ট আর্মড পুলিশ, ডিএমপির পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করছেন। গেটের সামনে কোনো সাধারণ লোককে থাকতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যাত্রী ছাড়া আর কেউ ভেতরে ঢুকতে পারছেন না।

এয়ারপোর্ট আর্মড পুলিশের পুলিশ সুপার রেজাউল ইসলাম জানান, সকাল থেকেই নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন।

এপিবিএনের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) টহল দিচ্ছে। নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড এখানে করতে দেওয়া হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি সূত্রে জানা গেছে, পুলিশসহ অন্যান্য সংস্থার প্রায় ২ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে আনসার গার্ডের নিয়মিত সদস্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ পোস্ট ও পেট্রোল ডিউটিতে অতিরিক্ত ব্যাটালিয়ান আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র মতে, তারেক রহমানের যাতায়াতের রুটজুড়ে প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিশেষ এসকর্টসহ একাধিক চেকপোস্ট থাকবে।

গুলশান, বনানী ও বারিধারা এলাকায় অন্তত ৯টি চেকপোস্ট এরইমধ্যে চালু আছে। চেকপোস্টের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।

শিডিউল অনুযায়ী, সিলেটে প্রথম অবতরণ সকাল ৯টা ৫৫ মিনিটে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমানটি সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

শেষ পর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৪৫ মিনিটে অবতরণ করার কথা রয়েছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।

কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ।

Share Now

এই বিভাগের আরও খবর