আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

আপডেট: December 25, 2025 |
inbound1962457016838624277
print news

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্থানীয় সংবাদমাধ্যমের পাশাপাশি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। আল জাজিরার এ সংক্রান্ত খবরের শিরোনাম হলো ‘দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান’।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম ‘নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটির শিরোনাম হলো ‘নির্বাচনের আগে ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির শিরোনাম ‘১৭ বছর পর দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।

তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে সংবাদপ্রকাশ করছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এই সংক্রান্ত এনডিটিভির শিরোনাম হলো ‘১৭ বছর পর স্ত্রী-কন্যা ও বিড়ালকে নিয়ে দেশে ফিরলেন তারেক রহমান’।

এছাড়াও ‘হিন্দুস্তান টাইমস’, ‘দ্য হিন্দু’সহ অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান।

মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার।

একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের দেশে ফেরা হয়নি আর। অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটল। প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান।

Share Now

এই বিভাগের আরও খবর