ক্ষমতায় গেলে ইসলামের ‘মৌলিক নীতি প্রতিপালন’ হবে: চরমোনাই পীর

আপডেট: February 8, 2026 |
inbound9061655346172435367
print news

ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের ‘মৌলিক নীতিমালা প্রতিপালনের’ কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। চরমোনাই পীর বলেছেন, “ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে— আদালত, ইনসাফ, নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা, দায়বদ্ধতা, সামাজিক নিরাপত্তা, আইনের শাসন এবং সকল ধর্মের মানুষের ধর্মীয় আচার পালনের অধিকার ও সমান সন্মান-মর্যাদা দেওয়া।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় গেলে এ মৌলিক নীতিমালার পূর্ণ প্রতিপালন করবে।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বেতারে দেয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি তুলে ধরেন বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ভাষণে নিজ দলের অঙ্গীকারের পাশাপাশি রাষ্ট্রগঠন ও সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তা তুলে ধরেন তিনি। দলের ইশতেহারের মৌলিক অংশসহ বিশেষ কর্মসূচির কথাও বলেন চরমোনাই পীর।

তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভূখণ্ডের মানুষের হাজার বছরের চর্চিত বিশ্বাস ও জীবনাচারের নীতি ইসলামকে রাষ্ট্র পরিচালনার নীতি হিসেবে উপস্থাপন করেছে। শরীয়াহ কেবলই একটি আইনের নাম নয়, বরং শরীয়াহ হলো মানুষের বিশ্বাস, জীবনবোধ, সংস্কৃতি, অভ্যাস ও আইনের সমষ্টি। আমরা এই অঞ্চলের অধিকাংশ মানুষ বিশ্বাস হিসেবে, জীবনবোধ হিসেবে এবং সংস্কৃতিতে, অভ্যাসে ইসলামকে ধারণ করি। এখন যদি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামকে বাস্তবায়ন করতে পারি, তাহলেই বাংলাদেশ তার প্রত্যাশিত সমৃদ্ধি ও লক্ষ্য খুঁজে পাবে; ইনশাআল্লাহ।”

১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করছে ইসলামী আন্দোলন, ২৫৯ আসনে প্রার্থী দিয়েছে তারা।

শুরুতে জামায়াতে ইসলামীর ১১ দলীয় জোটের সঙ্গে থাকলেও পরে বনিবনা হয়নি। ফলে হাতপাখা মার্কার দলটি সরে দাঁড়ায়।

Share Now

এই বিভাগের আরও খবর