ভোট সুষ্ঠু হচ্ছে, ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: মির্জা আব্বাস

আপডেট: February 12, 2026 |
inbound3607769425296470305
print news

ভোট ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে। সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি আমি দেখিনি। যদি ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপির চেষ্টা করা হয়, তাহলে মেনে নেব না।

শাপলা কলির এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, শুনেছি, তবে আমি ছিলাম না। পরে বিষয়টি সমাধান হয়েছে।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন। এবারই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়েছে শেরপুর-৩ আসনের নির্বাচন।

নির্বাচনে সব মিলিয়ে ২ হাজারের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক স্বতন্ত্র প্রার্থী রয়েছে, বাকিরা ৫১টি দলের প্রার্থী।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। দলটির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৯১ জন প্রার্থী। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৯ জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন ৩২ জন প্রার্থী।

রাজনৈতিক দলের পাশাপাশি এবারের ভোটে প্রতীকও থাকছে সবচেয়ে বেশি। ইসির তথ্য অনুযায়ী, ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলা কলিসহ ১১৯টি নির্বাচনি প্রতীকে বরাদ্দ দেওয়া হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর