বানারীপাড়ায় উপজেলা আ: লীগের বন্ধ কার্যালয়ে পতাকা উত্তোলন

বানারীপাড়া প্রতিনিধি : দীর্ঘ ১৮ মাস পর বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পুনরায় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র ছবি টাঙানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে পতাকা উত্তোলন ও ছবি টাঙানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো ছবি প্রকাশ্যে আসেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে আওয়ামী লীগের তৃণমূলের কয়েকজন কর্মী দলীয় কার্যালয়ের শাটার ও জানালার গ্রিলের সঙ্গে পতাকা উত্তোলন করেন এবং কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে চলে যান।
বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম বলেন, “আওয়ামী লীগের পতাকা উত্তোলনের বিষয়টি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। তবে কে বা কারা রাতের আঁধারে পতাকা ও দুইটি ছবি রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি অস্পষ্ট থাকায় বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
অন্যদিকে বানারীপাড়া থানার পরিদর্শক (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, “ঘটনার বিষয়টি আমরা অবগত আছি। তবে এ পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী প্রকাশ্যে এসে দায়িত্ব স্বীকার করেননি।
বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আওয়ামী লীগের কর্মকাণ্ডের ওপর বিশেষ নজরদারি রয়েছে এবং ঘটনার তদন্ত চলমান রয়েছে।”
দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে এ ধরনের কার্যক্রম ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলে বিক্ষুব্ধ জনতা পৌর শহরের ফেরিঘাট এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালায়। এরপর থেকে কার্যালয়টি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ ও অরক্ষিত অবস্থায়।




















