শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির যোগ্যতা নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

আপডেট: March 17, 2026 |
inbound5176393972144358025
print news

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান নির্ধারণ করে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এই বিষয়ে পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে অ্যাডহক কমিটির সভাপতির বিষয়ে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস বা সমমান হতে হবে।

আবশ্যক ক্ষেত্রে অ্যাডহক কমিটির সভাপতি নির্ধারণের ক্ষেত্রে ব্যক্তির শিক্ষা প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনও বিশেষ যোগ্যতাসাপেক্ষে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়ন বিষয়ে বলা হয়, অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মচারী, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বা শিক্ষায় আগ্রহী স্থানীয় খ্যাতিমান ব্যক্তি বা সমাজসেবক, স্থানীয় সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার মধ্য থেকে তিন জন ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত সংবলিত প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট প্রেরণ করবেন। শিক্ষা বোর্ড প্রস্তাবিত ব্যক্তিগণের মধ্য থেকে একজনকে সভাপতি মনোনীত করবেন।

পরিপত্রে আরও বলা হয়, গত ১০ মার্চ নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গর্ভনিং বডি-ম্যানেজিং কমিটি-অ্যাডহক কমিটি গঠন বিষয়ে মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী)-এর ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডসমূহকে নির্দেশনা দেওয়া হলো।

প্রসঙ্গত, ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করেছিল। গত ১০ মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা–২০২৪ বিষয়ক একটি সভায় এই যোগ্যতা শিথিলের আলোচনা হয়। তা নিয়ে ব্যাপক সামলোচনার মুখে পড়ে শিক্ষা মন্ত্রণালয়।

Share Now

এই বিভাগের আরও খবর