আইসক্রিমের প্রলোভনে জান্নাতুল মাওয়াকে হত্যা

আপডেট: March 24, 2026 |
unnamed 1 1
print news

সোমবার (২৩ মার্চ) রাত ২টার দিকে খুলনায নগরের হরিণটানা গেট সংলগ্ন খেজুরবাগান এলাকা থেকে নিখোঁজ হওয়া চার বছরের জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিশু লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহজালালের মেয়ে। শিশুটির বাবা মো. শাহজালাল জানান, ঈদের দ্বিতীয় দিন বিকেলে তাদের বাড়িতে শিশুর মায়ের ফুফাতো ভাই তোতা মিয়া বেড়াতে আসেন। পরদিন সোমবার দুপুরে তিনি শিশু জান্নাতুল মাওয়াকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান।

মেয়েটি বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তার মা আফরোজা আক্তার রুমি তোতা মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানিয়েছিলেন, মাওয়া আইসক্রিম খাচ্ছে। এরপর থেকেই তোতা মিয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিকেলে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে বিভিন্ন স্থানে ঘুরে ফিরে থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন।

রাত ২টার দিকে শিশুর বাবা শাহজালালের ইমোতে তোতা মিয়া তিনটি ভয়েস রেকর্ড পাঠান। রেকর্ডে তিনি তিনজনের নামে মামলা ও তাদের কাছ থেকে তিন লাখ টাকা আদায়ের কথা বলেন। পরে আরও একটি ভয়েস বার্তায় জানানো হয়, শিশুর মরদেহ হরিণটানা এলাকার একটি ঝোপে ফেলে রাখা হয়েছে।

পরে পুলিশ ও পরিবারের সদস্যরা খেজুরবাগান এলাকা থেকে শিশুর মরদেহ গলায় দড়ি বাঁধা অবস্থায় উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িত তোতা মিয়াকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, তোতা মিয়ার গ্রামের বাড়ি বরিশালের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালীতে। তিনি জাহাজে চাকরি করতেন এবং অতীতে বিভিন্ন কারণে কারাভোগও করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর