ভোলার অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার তেল জব্দ

ভোলার বিসিক শিল্প নগরীতে দুটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা দুটির মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী সায়েদ মাহমুদ বুলবুল এ জরিমানা করেন।
জরিমানা করা ব্যক্তিরা হলেন– জামাল খানের মালিকানাধীন মেসার্স খান ফ্লাওয়ার মিলস ও এনামুল হকের মালিকানাধীন তৃষ্ণা ফ্যাক্টরি।
এর মধ্যে খান ফ্লাওয়ার মিল থেকে ৪ হাজার লিটার ও তৃষ্ণা ফ্যাক্টরি থেকে ২ হাজার লিটার তেল জব্দ করা হয়।
এদিকে, অভিযানের পরপরই উত্তেজিত হয়ে পড়েন কারখানার শ্রমিকরা। তারা ভ্রাম্যমাণ আদালতের গাড়ির সামনে ইট ও বালির বস্তা রেখে বিক্ষোভ করে মূল ফটকে তালা লাগিয়ে দেন। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিসিকে একটি ময়দার কারখানায় অবৈধভাবে তেল মজুত রাখা হয়েছে– এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর অভিযান চালিয়ে কারখানার মালিক জামাল উদ্দিন খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইভাবে বিসিকে অবস্থিত তৃষ্ণা ফ্যাক্টরিতেও অভিযান চালায় আদালত।
সেখান থেকে ২ হাজার লিটার তেল জব্দের পর ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী চলা এ অভিযানের এক পর্যায়ে মজুত করা তেল বৈধ দাবি করে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেন কারখানার শ্রমিকরা। তারা ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের দুটি গাড়ি অবরুদ্ধ করার চেষ্টা করেন। পরে মালিক ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদ মাহমুদ বুলবুল জানান, বৈধ কোনো কাগজপত্র না থাকায় তেল জব্দ করে উভয় কারখানার মালিককে দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে কারখানার মালিক জামাল উদ্দিন দাবি করেন, তিনি বৈধভাবে অনুমতি নিয়ে এ তেল কারখানা পরিচালনার জন্য মজুত করেছেন।














