দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারালেন রাণীশংকৈলের সোহান

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার তরুণ প্রবাসী সোহান।
গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অদূরে কেতলেহং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সোহান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে দক্ষিণ আফ্রিকায় একটি মুদি দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অনেক ধার দেনা করে উন্নত জীবনের আশায় সোহানকে তার পরিবার বৈধ ভিসার মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় পাঠায়।
সেখানে একটি মুদি দোকানে কাজ করতেন সোহান। ঘটনার দিন মাগরিবের সময় তিনি দোকানের মালিকের সঙ্গে কাজ করছিলেন।
এসময় হঠাৎ লোডশেডিং হলে দোকানের মালিক মোমবাতি আনতে পেছনের দিকে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিতভাবে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়।
তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিতভাবে জানা না গেলেও গুলিবিদ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে বলে শুনেছেন তার পরিবার।
ছেলেকে আর জীবিত ফিরে পাবো না, তবে তার মরদেহ যেন দেশে এনে নিজের হাতে দাফন করতে পারে সেই জন্য সরকারের কাছে সোহানের বাবা দুলাল মিয়া ও মা সাহিনুর বেগমের আকুতি।
স্থানীয়রা জানান, পরিবারটি অত্যন্ত অসহায়। তাদের একমাত্র স্বপ্ন ছিল সোহানকে ঘিরে। তার এই অকাল মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসময় দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।আইনি বিষয়ে যতটুকু সহযোগিতা করা দরকার তা আমরা করবো।
















