চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা হত্যা: ৬ জনের যাবজ্জীবন

দুই দশক আগে চট্টগ্রামে আকবর সাঈদ চৌধুরী নামে এক কাস্টমস কর্মকর্তাকে ‘গলায় গামছা পেঁচিয়ে’ হত্যার ঘটনায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় রায়ে পাঁচ আসামি খালাস পেয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বেল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামাল সিকদার, আল আমিন, পনু ব্যাপারি ও মো. হোসেন। এদের মধ্যে কামাল সিকদার পলাতক। দণ্ডপ্রাপ্তরা ‘গামছা পার্টির’ সদস্য।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আবু তাহের গণমাধ্যমকে বলেন, যাবজ্জীবন দণ্ডাদেশের সঙ্গে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।
আর মামলা থেকে সেলিম, হুমায়ুন কবির, আবু তাহের, শহীদ রাজা ও জামাল নামে পাঁচজন খালাস পেয়েছেন।
আকবর সাঈদ চৌধুরী ছিলেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের প্রিভেনটিভ অফিসার। ২০০৬ সালের ২৯ অগাস্ট রাতে নগরীর পাঁচলাইশ থানার নাসিরাবাদ আবাসিক এলাকার অংকুর স্কুলের সামনের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তখন তার গলায় গামছা পেঁচানো ছিল।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার রাতে মিরসরাই থেকে চট্টগ্রাম শহরে ফিরছিলেন আকবর। অটোরিকশা করে বাসায় ফেরার সময় গামছা পার্টির সদস্যরা তার কাছ থেকে মালামাল ছিনিয়ে নেয় এবং হত্যা করে ফেলে যায়।
এ ঘটনায় আকবরের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি এ মামলায় অভিযোগ গঠন হয়। ৩৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত রায় দিল।














