বাবার কোলে থাকা ৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা

আপডেট: April 17, 2026 |
inbound5442878871813610939
print news

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামে মাহতাব হোসেন হৃদয় নামের ৫ বছরের এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে জায়গা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় গ্রামের ফারুক হোসেন সরদারের ছেলে।

নিহত হৃদয়ের বাবা ফারুক হোসেন ও স্বজনেরা জানান, শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মাজ্জান গ্রামের মৃত হাতেমের ছেলে হামেদ আলী সরদার তার বাড়িতে টয়লেট নির্মাণ করার জন্য ফারুক হোসেনের গোয়াল ঘর ঘেসে মাটি ফেলার সময় নিষেধ করলে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ সময় হামেদের পক্ষ নিয়ে তার অন্য ভাই পেশকার, আশকার, হাকিম এবং মোক্তার লাঠিসোঁটা এবং চাপাতি নিয়ে এগিয়ে গেলে সন্তানকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করেন ফারুক হোসেন।

এ সময় হামেদ চাপাতি দিয়ে কোপ দিয়ে ফারুকের কোলে থাকা শিমু সন্তান হৃদয় হোসেনের মাথায় ও হাতে কোপ লেগে গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আশপাশের শতশত উৎসুক নারী-পুরুষ এসে ভিড় জমিয়েছে।

এদিকে মাহতাব হোসেন হৃদয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে অভিযুক্ত হামেদ, পেশকার, আশকার, মোক্তার ও হাকিম।

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) মো. নাজমুল কাদের জানান, খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের বাবা ফারুক সরদার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর