শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট: April 23, 2026 |
inbound5861184851146875857
print news

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে হামের টিকা ৬ মাসের মজুত আছে। পরবর্তী ৬ মাস এটি দিতে কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত আছে। লোকবল সংকট নিরসনে শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।

বুধবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “শিগগিরই লোকবল সংকট নিরসনে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।” পাশাপাশি সব উপজেলা পর্যায়ের হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার জন্য ১০ জন করে সশস্ত্র আনসার নিয়োগের কথাও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “দেশে হামের সংক্রমণ বাড়লেও টিকার পর্যাপ্ত মজুত আছে। এটি মজুত থাকায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।”

এদিকে, চীনের সহযোগিতায় দেশে যৌথ সার্জিক্যাল ক্লিনিক ও ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ২৫ হাজার ৯৩৫টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫টি শিশু। তাদের মধ্যে ৩ হাজার ৮০৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৬।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, জটিল অস্ত্রোপচার ও চিকিৎসায় দুই দেশের পারস্পরিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছাবে।

এর আগে সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চীনের উপহার মোবাইল মেডিকেল ভেহিকল হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, “অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং এর ফলে সৃষ্ট পঙ্গুত্ব ও মৃত্যুহার রোধ করাই সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মূল লক্ষ্য।”

একই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের স্বাস্থ্য খাতের রূপান্তরে সব ধরনের কারিগরি ও অবকাঠামোগত সহযোগিতার আশ্বাস দেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাতে গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর