মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল

আপডেট: April 23, 2026 |
inbound1027168125276501981
print news

ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় সংরক্ষিত নারী আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের পর জামায়াত জোটের এ প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান।

ইসির এ যুগ্মসচিব বলেন, সরকারি চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা হলো।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ইসির উপসচিব মনির হোসেন।

তিনি বলেন, আসনটি শূন্য হওয়ার পরে সব দল/জোটের জন্য উন্মুক্ত হবে।

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটে জামায়াত জোটের ১৩ জন মনোনয়নপত্র জমা দেন, বুধবার বাছাইয়ে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হয়। বাকি একজনের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সিদ্ধান্ত আসে।

আগের দিন বুধবার আরপিও’র বিধান তুলে ধরে রিটার্নিং কর্মকর্তা মঈন বাছাইয়ে বলেছিলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ডকুমেন্ট দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে। মনিরা শারমিন যে কাগজপত্র দিয়েছে, তাতে সরকারি পে স্কেলের কথা উল্লেখ রয়েছে। এজন্য তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য বলা হয়েছে।

২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান মনিরা শারমিন। তিনি ২০২৩ সালে নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন, দুই বছর পর গেল ডিসেম্বর চাকরি ছাড়েন এ এনসিপি নেত্রী।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

তফসিল অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই হয়। আপিল নিষ্পত্তি শেষে ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় রয়েছে। ১২ মে ভোটের তারিখ ঠিক করা আছে।

Share Now

এই বিভাগের আরও খবর