জাবিতে একাডেমিক গবেষণার মৌলিক ধারণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট: April 26, 2026 |
inbound2990239275208603915
print news

আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি:জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার প্রসারে জাকসুর আয়োজনে দিনব্যাপী একটি সমন্বিত একাডেমিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে ‘গবেষণা প্রবন্ধ অনুধাবন: একাডেমিক গবেষণার মৌলিক ধারণা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ।

এই আয়োজনে কারিগরি সহযোগিতায় ছিল গবেষণা সংস্থা ‘রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটস (আরআইটি)’ । সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । দিনব্যাপী চলা এই আয়োজনে গবেষণার মৌলিক ধারণা, প্রবন্ধ রচনা, পদ্ধতি নির্বাচন, তথ্য বিশ্লেষণ এবং উপস্থাপনা কৌশলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুসংগঠিতভাবে আলোচনা করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান । তিনি বলেন, “গবেষণা কেবল উচ্চশিক্ষার অনুষঙ্গ নয়, বরং এটি সমাজকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকাশক্তি” । এছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশেদুল ইসলাম শিক্ষার্থীদের সৃজনশীল ও বিশ্লেষণী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন ।

এছাড়া আরআইটি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. একরাম উদ্দিন সুমন এবং জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । তিনি শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।

অনুষ্ঠান শেষে নিবন্ধিত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় ।

Share Now

এই বিভাগের আরও খবর