অন্তর্বর্তী সরকারের নবীন সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চাইলেন নাহিদ

জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধেও গত দেড় বছরে ‘দুর্নীতির’ অভিযোগ উঠেছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কোথায় দুর্নীতি করেছেন, তার প্রমাণ দিতে সরকারি দলকে আহ্বান করেন তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওই বক্তব্যের পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান নাহিদ ইসলাম।
তিনি বলেন, তার বয়স ২৮ বছর হয়েছে এবং এদিন তার জন্মদিন। এ সময় নাহিদকে টেবিল চাপড়ে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা।
তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ট্রেজারি বেঞ্চের সদস্যরাও টেবিল চাপড়ে আপনাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, কিছু সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে ছিলাম। তবে নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে? নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছে, আমি সেই প্রমাণ চাইছি।
এরপর নিজের বয়স ও জন্মদিনের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, আমার বয়স ২৮। আজকে আমার জন্মদিন এবং আমি নবীন সদস্য। তবে আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। কারও ছোট ভাইয়ের ছোট ভাই হিসেবে এখানে আসিনি।
সব সংসদ সদস্য যে সম্মান ও মর্যাদা প্রত্যাশা করেন, নবীন সদস্যরাও একই সম্মান প্রত্যাশা করেন, বলেন তিনি।
তার বক্তব্যের পর স্পিকার বলেন, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কারও নাম ধরে বলেননি; তিনি তরুণ সদস্যদের কথা বলেছেন।
এরপর প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাঁড়িয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন ও তার দীর্ঘায়ু কামনা করেন।
নাহিদের জন্মদিন ঘিরে সরকারি দলের পক্ষ থেকে এই ‘শুভেচ্ছাপর্ব’ এমন এক সময় আসে, যখন শামা ওবায়েদের বক্তব্যে অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ নিয়ে সংসদে উত্তেজনা তৈরি হয়েছিল।
শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের কথা বললে, নতুন বাংলাদেশের কথা বললে, এমন অভিযোগ তারা আশা করেন না।
নাহিদ এর জবাবে বলেন, সরকারে থাকা ব্যক্তিদেরই অভিযোগের প্রমাণ দিতে হবে, কারণ এখন তারাই সরকারে আছেন।












