উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

যান্ত্রিক ত্রুটি সারিয়ে আবার বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। শুক্রবার কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এক নম্বর ইউনিটটি উৎপাদনে ফেরার পর জাতীয় গ্রিডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে এক ও দুই নম্বর ইউনিট ১২৫ মেগাওয়াট করে এবং তিন নম্বর ইউনিট ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন।
দুই নম্বর ইউনিটটি পুরোপুরি বিকল হয়ে ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তিন নম্বর ইউনিট ওভারহোলিংয়ের কারণে অক্টোবর থেকে বন্ধ আছে।
এর মধ্যে গত ২২ এপ্রিল কয়লার সঙ্গে পাথর চলে আসায় এক নম্বর ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়। এতে সেদিন রাত ১০টা ১০ মিনিটে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সেই ক্রটি সারিয়ে শুক্রবার ইউনিটটি চালু করা হল।
এছাড়া চলতি মাসের মাঝামাঝি সময়ে তিন নম্বর ইউনিট চালু করা হবে বলে প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন।

















