সিলেটে ডিসির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

আপডেট: May 4, 2026 |
inbound4439373222760115396
print news

 

ফাহিম আহমদ: সিলেট জেলা প্রতিনিধি হাইকোর্টের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্যের অভিযোগে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন ব্যবসায়ীরা।

বন্ধ করে দেওয়া কালেক্টরেট মসজিদ মার্কেট পুনরায় খুলে দেওয়ার দাবিতে সোমবার (৪ মে) নগরের কোর্ট পয়েন্ট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

সকাল সাড়ে ১১টার দিকে কালেক্টরেট মসজিদের সামনে আয়োজিত এ মানববন্ধনে মার্কেটের ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও জেলা প্রশাসনের পক্ষ থেকে মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ব্যবসায়ীরা জানান, ১৯৯৮ সালে দরপত্রের মাধ্যমে এককালীন অর্থ পরিশোধ করে তারা দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা শুরু করেন।

প্রায় ২৭-২৮ বছর ধরে ব্যবসা পরিচালনার পর হঠাৎ করে মাত্র তিন দিনের নোটিশে তাদের উচ্ছেদ করা হয়। তারা এ সিদ্ধান্তকে ‘অন্যায়, অযৌক্তিক ও অমানবিক’ বলে উল্লেখ করেন।

অভিযোগ রয়েছে, গত ১০ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের তিন দিনের মধ্যে দোকান ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এ সময় হাইকোর্টে বিষয়টি বিচারাধীন থাকায় আদালত দুই মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

পাশাপাশি পৃথক দুটি রিটের প্রেক্ষিতে উচ্ছেদ নোটিশের কার্যকারিতাও তিন মাসের জন্য স্থগিত করা হয়। তবুও সেই নির্দেশ উপেক্ষা করে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, চুক্তির শর্ত অনুযায়ী ট্রাস্ট বা জেলা প্রশাসনের একতরফাভাবে চুক্তি বাতিলের কোনো সুযোগ নেই।

উচ্ছেদের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি। এ সময় দ্রুত মার্কেট খুলে দিয়ে ব্যবসা চালুর সুযোগ দেওয়ার দাবি জানান তারা।

অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন ব্যবসায়ীরা। তারা বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের অবহিত করেছেন বলেও জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান রিপনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা।

এর আগে, গত ২৬ এপ্রিল একই দাবিতে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর