পীরগঞ্জে রেল ঘুন্টির সিসি ক্যামেরা এখন অকেজো ও দৃষ্টির আড়ালে

আপডেট: May 17, 2026 |
inbound396611374746472476
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকা পশ্চিম চৌরাস্তা সংলগ্ন রেল ঘুন্টি।

অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল।

তবে বর্তমানে কর্তৃপক্ষের সঠিক রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে সিসি ক্যামেরাটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, রেল ঘুন্টি সংলগ্ন বৈদু্যুতিক খুঁটিতে তিন টি সিসি ক্যামেরা বসানো হয়েছে যার চারপাশে বেড়ে ওঠা কৃষ্ণচূড়া বা কড়ই গাছের ঘন ডালপালায় সম্পূর্ণ ঢেকে গেছে।

শুধু তাই নয়, খুঁটিজুড়ে ইন্টারনেটের তার ও ডিশ লাইনের এলোমেলো তারের জটলা ক্যামেরাটিকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে।

ডালপালা আর তারের এই ঘন জটলার কারণে ক্যামেরাটি দিয়ে কোনো কিছুর ফুটেজ ধারণ করা তো দূরের কথা, বাইরে থেকে ক্যামেরাটির অস্তিত্বই খুঁজে পাওয়া দায়।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকাটিতে দিন-রাত সব সময়ই মানুষের আনাগোনা থাকে। রেল ঘুন্টি সংলগ্ন এই মোড়টি দিয়ে প্রতিনিয়ত শত শত যানবাহন ও মানুষ যাতায়াত করে।

এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা সচল থাকা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে গাছের ডালপালা না ছাঁটাই করায় এবং তারের জটলা পরিষ্কার না করায় ক্যামেরাটি স্রেফ খুঁটির শোভা বর্ধন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, “ক্যামেরা তো লাগানো হয়েছে আমাদের নিরাপত্তার জন্য। কিন্তু এটা এখন গাছের পাতার নিচে লুকিয়ে আছে।

কোনো অপরাধ ঘটলে এর থেকে কোনো ফুটেজ পাওয়া সম্ভব নয়। এটা থাকা আর না থাকা সমান কথা।” এলাকাবাসীর দাবি, যেকোনো অপ্রীতিকর ঘটনা বা অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে এবং এই ব্যস্ত সড়কের নিরাপত্তা জোরদার করতে অতি দ্রুত যেন গাছপালার ডালপালা ছাঁটাই করে এবং তারের জটলা পরিষ্কার করে সিসি ক্যামেরাটি দৃশ্যমান ও সচল করার ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর