কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ

আপডেট: May 25, 2026 |
inbound191931782894640225
print news

পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতিতে সরবরাহ সঙ্কটে চাপে থাকা কুয়েতে ‘প্রতীকী শুভেচ্ছা’ হিসেবে খাদ্যসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটা ‘ভ্রাতৃপ্রতিম কুয়েতের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের সংহতি, সৌহার্দ্য ও বন্ধুত্বেরই বহিঃপ্রকাশ।’

এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ থেকে মোট ২৪০ টন খাদ্যসামগ্রী কুয়েতে পৌঁছানোর কথা রয়েছে। তার প্রথম চালানটি রোববার কুয়েত সরকারের কাছে হস্তান্তর করা হয়।

দূতাবাস বলছে, চলমান আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালী দীর্ঘকাল বন্ধ থাকায় এবং এর ফলে কুয়েতের সরবরাহ ব্যবস্থার ওপর সৃষ্ট চাপ মোকাবিলায় এই সহায়তা কুয়েতের কৌশলগত খাদ্য মজুদ শক্তিশালীকরণ এবং জরুরি প্রয়োজন পূরণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এ উপলক্ষে রোববার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হমায়ুন কবির কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর কাছে খাদ্যসামগ্রীর চালান হস্তান্তর করেন।

কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠিও অনুষ্ঠানে হস্তান্তর করেন উপদেষ্টা।

কুয়েতের জনগণের অব্যাহত শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করার পাশাপাশি দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম এশিয়া) এবং কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর