জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উপহার দিতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম এক সংবাদ সম্মেলনে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের প্রস্তুতি এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক দিক তুলে ধরেন।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ এবং বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
ডিএসসিসির ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
জাতীয় ঈদগাহে মুসল্লিদের সুবিধার্থে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশপথ, অজুখানা এবং নামাজের জায়গা করা হয়েছে। প্রবেশের জন্য ৪টি এবং বের হওয়ার জন্য ৭টি গেটের ব্যবস্থা।
শীতাতপ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ফ্যান, আলোকসজ্জা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ভ্রাম্যমাণ টয়লেট, প্রাথমিক চিকিৎসা সেবা এবং বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া জাতীয় ঈদগাহ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি ও প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।












