ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটারে যানজট

আপডেট: May 27, 2026 |
inbound7249550566232630898
print news

ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ৬০ কিলোমিটারে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার ঘরমুখী মানুষ। বুধবার (২৭ মে) গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের এলেঙ্গা হয়ে যমুনা সেতুর মাঝামাঝি পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

প্রতিনিধিদের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, মঙ্গলবার গাজীপুরের অধিকাংশ শিল্পকারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দেয়। রাতভর ভোগান্তির পর বুধবার ভোর থেকে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মহাসড়কটি। হাইওয়ে পুলিশের তথ্যমতে, গাজীপুরে কর্মরত প্রায় ৩০ লাখ মানুষ ইতোমধ্যে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

গাজীপুর রিজয়নের নাওজোড় হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল গণমাধ্যমকে বলেন, অতি বৃষ্টি, মানুষের তুলনায় যানবাহন সংকট আর সড়ক ছোট থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে। বর্তমানে গাজীপুর অংশে যানজট অনেকটাই কমেছে। চন্দ্রা এলাকা থেকে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর পর্যন্ত ধীরগতি আছে। সেটিও দ্রুতই ক্লিয়ার হয়ে যাবে।

এদিকে বুধবার সকালে টাঙ্গাইল জেলার গোড়াই থেকে শুরু করে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজট দেখা গেছে। অতিরিক্ত বৃষ্টির ফলে সড়কের বিভিন্নস্থানে জটলা ও কোথাও কোথাও সড়কের ওপর যানবাহন বিকল হওয়ায় উত্তরাঞ্চলমুখী তিন লেনের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামছুল আলম সরকার গণমাধ্যমকে বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশের পুরো সড়কেই যানজট রয়েছে। বৃষ্টি ও সড়কের জটিলতায় এই যানজট সৃষ্টি হচ্ছে। তবে দ্রুত সময়ের মধ্যে যানজট কমে যাবে। তবে সিরাজগঞ্জে সেতু পার হলে উত্তরের পথে আর কোনো ভোগান্তি নেই। যমুনা সেতুর পূর্ব টোল প্লাজার পর থেকে সেতুর মধ্যবর্তী অংশ পর্যন্ত যানবাহন বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে।

যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যমুনা সেতু পার হওয়ার পর আর কোনো যানজট নেই। তবে সেতুর ঢাকামুখী লেনে কিছুটা যানজট রয়েছে। আশা করি দুপুর থেকে সব স্বাভাবিক থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর