রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে ‘স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন (বুধবার) উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন, রাণীশংকৈল, ঠাকুরগাঁও-এর আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’-এর সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
কর্মশালায় বক্তারা গ্রামীণ জনপদে ছোটখাটো বিরোধ নিরসনে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে, কম খরচে এবং দ্রুত বিচার সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের কর্মশালার মাধ্যমে তৃণমূল পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
উপজেলা সমন্বয়কারী রাশেদা আক্তারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাহিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আঃ সামাদ, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম,বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন,মানব কল্যাণ পরিষদ,ব্রাক, ইএসডিও ও সিডিএর প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
















