পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু, বালিয়াডাঙ্গীতে শোক

আপডেট: June 16, 2026 |
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পানিভর্তি বালতিতে ডুবে হুবা নামে ৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১৩ জুন (শনিবার) উপজেলার ৪ নম্বর বড়পলাশবাড়ী ইউনিয়নের মুন্সিরহাট এলাকার দালাল বস্তি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ঐ এলাকার হাসিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ঘরের ভেতর শিশুটিকে গোসল করানো হচ্ছিল।

এ সময় অসাবধানতাবশত শিশুটি পাশেই রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায়। স্বল্প বয়সের কারণে সে নিজে থেকে বালতি থেকে উঠতে না পারায় পানির নিচে আটকে থাকে।

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোক ও কান্নার রোল পড়ে যায়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। তবে তখন পর্যন্ত শিশুটির মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল।

হাসপাতালে গিয়ে শিশুর স্বজনদের কাউকে পাওয়া যায়নি বলেও তিনি জানান। তিনি আরও বলেন, ঘটনাটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এমন দুর্ঘটনা রোধে শিশুদের দেখভালে আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে পানিভর্তি বালতি বা পাত্র ঘরে খোলা অবস্থায় না রাখার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর