আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতা তৈরির হুমকির প্রতিবাদে জয়পুরহাটে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি: আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির হুমকির প্রতিবাদে এবং তা প্রতিহত করার লক্ষ্যে জয়পুরহাটে আগাম সতর্কতামূলক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
বিকেলে জয়পুরহাট জেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্র দলের যৌথ উদ্যোগে শহরের এক প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মাওলা পলাশ, জেলা ছাত্রদলের সভাপতি গোলাম মাহফুজ শুভ, সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেন, কলেজ শাখা ছাত্র দলের সভাপতি আরেফিন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা ।
বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথে কঠোর অবস্থানের ঘোষণা দেন।
সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগ দেশে নতুন করে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির যে পাঁয়তারা ও হুমকি দিচ্ছে, ছাত্রদল তা কোনোভাবেই বরদাশত করবে না।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখে দিতে জয়পুরহাট জেলা ছাত্রদল রাজপথে সর্বদা জাগ্রত রয়েছে।”
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীরা আগামী দিনগুলোতেও মাঠে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।



