নতুন মুদ্রানীতি ঘোষণা আজ

আপডেট: June 30, 2026 |
print news

নতুন অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি আজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের অধীনে এটিই হবে কেন্দ্রীয় ব্যাংকের প্রথম মুদ্রানীতি।

মঙ্গলবার (৩০ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো, বিনিয়োগে গতি আনা এবং ব্যাংক ঋণের ব্যয় কমাতে একাধিক নতুন উদ্যোগের ইঙ্গিত মিলছে।

জানা গেছে, মূল্যস্ফীতির চাপ পুরোপুরি না কমায় এবারও নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, মূল্যস্ফীতি এখনও কাঙ্ক্ষিত মাত্রায় না নামায় আপাতত কঠোর মুদ্রানীতির অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই। তবে একই সময়ে অর্থনীতিতে স্থবিরতা কাটিয়ে উৎপাদন ও বিনিয়োগ বাড়াতে কিছু লক্ষ্যভিত্তিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নতুন মুদ্রানীতিতে শিল্প, রফতানি, কৃষি এবং কর্মসংস্থান সৃষ্টিকারী খাতে লক্ষ্যভিত্তিক পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্স) কর্মসূচি সম্প্রসারণের ইঙ্গিত রয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করেই উৎপাদনশীল খাতে অর্থের সরবরাহ ধীরে ধীরে বাড়ানোর একটি রূপরেখাও তুলে ধরা হতে পারে।

নীতিনির্ধারকদের মতে, সার্বিকভাবে মুদ্রানীতি শিথিল না করে নির্দিষ্ট খাতে তারল্য সহায়তা দিলে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান (স্প্রেড) আবারও সর্বোচ্চ ৪ শতাংশে সীমাবদ্ধ করার বিষয়টিও নতুন মুদ্রানীতিতে গুরুত্ব পেতে পারে। এর লক্ষ্য হলো ঋণের ব্যয় কমিয়ে ব্যবসা ও বিনিয়োগে গতি ফিরিয়ে আনা।

সোমবার বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর সুদহারের ব্যবধান সর্বোচ্চ ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গতকাল চলতি মুদ্রানীতির ওপর একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে আনার চেষ্টা অব্যাহত আছে। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রধান নীতি সুদহার অপরিবর্তিত রাখা হয়। অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা ও নানা প্রতিবন্ধকতার কারণে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর