বাড়তি বিদ্যুৎ বিলে ভুল হলে দ্রুত সংশোধন, অসদুপায়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

আপডেট: July 3, 2026 |
print news

সদ্য শেষ হওয়া জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের যে অভিযোগ উঠেছে, তার খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের পর্যালোচনা সভায় এই হুঁশিয়ারি এসেছে।

বৈঠকে লোডশেডিং নিয়ে আলোচনা হয়েছে বলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এদিন বিকালে জুম প্ল্যাটফর্মে হওয়া এ সভায় অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ আসার কারণ উদঘাটন এবং লোডশেডিং নিয়ে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়। একই সঙ্গে সোলার সিস্টেমে মিটার স্থাপনের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

সারাদেশে বিদ্যুৎ গ্রাহকদের একটি উল্লেখযোগ্য অংশ জুন মাসে অতিরিক্ত বিল পাওয়ার অভিযোগ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে।

সভায় এ বিষয়ে বিতরণ কোম্পানিগুলোর প্রধানদের বক্তব্য চাওয়া হয়। তবে বাড়তি বিদ্যুৎ বিলের উল্লেখযোগ্য অভিযোগ পাননি বলে দাবি করেছেন ডিসিরা।

বিদ্যুৎ সচিব বলেন, “বিল সংক্রান্ত গ্রাহক অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিতরণ সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। করণিক ভুল হয়ে থাকলে তা দ্রুত সমাধান করতে বলা হয়েছে।

“তবে বিতরণ সংস্থার কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ নিরসনে বিতরণ সংস্থার সঙ্গে সরাসরি বা হটলাইনে যোগাযোগ করতে গ্রাহকদের অনুরোধ করেছিল বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯। এছাড়া পিডিবির ১৬২০০, পল্লী বিদ্যুতের ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে অভিযোগ করা যাবে।

এছাড়া বিভিন্ন জেলায় ছাদে সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়েও সভায় আলোচনা হয়। এ বিষয়ে প্রাপ্ত নির্দেশনার আলোকে কাজ করতে সব ডিসি প্রস্তুত রয়েছেন বলে সভায় অবহিত করেন।

বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

Share Now

এই বিভাগের আরও খবর