জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে সরকার: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, আমরা সরকারি দল ও বিরোধী দল মিলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এব্যাপারে সরকার সম্পূর্ণ আন্তরিক ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় রংপুর নগরীর জুলাই চত্বরে জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মাধ্যমেই সকলের অংশগ্রহণে জুলাই সফল হয়েছে এবং ফ্যাসিবাদ দূর হয়েছে।
আজকের দিনকে তাই জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে।’ এছাড়া, দেশের সকল শ্রেণী-পেশার মানুষ নিয়ে সরকার জুলাইয়ের চেতনায় এগিয়ে যাবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
আহমেদ আযম খান বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক। তাই শহীদদের প্রতি যথাযথ সম্মান জানিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থান আগামীর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশকে সমৃদ্ধ করার চেতনা হিসেবে কাজ করবে, আর জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়েই বিএনপি সরকার সবাইকে নিয়ে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা উল্লেখ করে তিনি বলেন, জুলাই আমাদের চেতনা, এই জুলাইয়ের মধ্য দিয়েই আবু সাঈদের আত্মত্যাগ, ওয়াসিম আকরামসহ ১৪০০ অকুতোভয় লড়াকু সৈনিকের, লড়াকু যোদ্ধার, লড়াকু সৈনিকের আত্মত্যাগের মাধ্যমে আমাদের পুরোজাতি এই গণঅভ্যুত্থানে শরিক হয়েছিল, পালিয়েছিল ফ্যাসিবাদ। আর ফ্যাসিবাদের পলায়নের মধ্য দিয়েই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পেরেছি।


