বউ হইলে হোটেলে যাস না ক্যারে, প্রশ্ন তাহেরীর

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ ঘটনায় সমালোচনামূলক মন্তব্য করেছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন ওরফে মাওলানা তাহেরী।
ভাইরাল হওয়া একটি ওয়াজ মাহফিলের বক্তব্যে তাহেরী বলেন, সাতক্ষীরায় কী চলছে? মেয়ের বয়স ১৪, মেয়ের বাবার বয়স ৩৬, আর উনার বয়স ৭৪। কী হিসাব-নিকাশ! ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ। এগুলো বিকৃত মানসিকতা।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনায় ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা কিংবা পরে দ্বিতীয় বিয়ের কথা বলে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা ‘মিথ্যাচার’। এ বিষয়ে প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনের কাছে বলব, সঠিক তদন্ত করুন।
তাহেরীর ভাষ্য, এই মিথ্যাবাদীদের ও মোনাফেকদের মুখোশ উন্মোচনের সুযোগ এসেছে। এদের মুখে ইসলাম আছে, কিন্তু অন্তরে ইসলাম নেই। হারামকে হালাল প্রমাণ করতে বট বাহিনী ব্যবহার করা হয়।
নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেখলাম সাদা পর্দা টাঙানো হয়েছে। এক পাশে নারীরা, অন্য পাশে তিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্দার কাছে গিয়ে মানুষকে পর্দা করার উপদেশ দিচ্ছিলেন।
















