কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১০ বছর কিংবা ২০ বছর বা কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে, এমন স্বপ্ন দেখেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বাংলাদেশ কবে বিশ্বকাপ ফুটবল খেলবে- এ প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এটি বাংলাদেশের ফুটবলের জন্য, অনেক বড় একটি উৎসাহের জায়গা, উদ্দীপনার জায়গা। বাংলাদেশের মানুষ, ফুটবলপ্রেমী মানুষ যেভাবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার ভক্ত, আমার দেশ কবে খেলবে? আমার বাংলাদেশকে কবে সাপোর্ট করবে? আমিও আপনার সঙ্গে একমত, আমিও সেই স্বপ্ন দেখি, সেই প্রত্যাশা করি।
আমিনুল হক আরও বলেন, আমি কোনো ডেট দিব না বা আমি বলব না যে ১০ বছর পরে বা ১২ বছর পরে। আমি যখন খেলোয়াড় ছিলাম তখন অনেক বিষয় নিয়ে কথা বলেছি, আমরাই বলেছি আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমাদের এই সুযোগ-সুবিধা দরকার। এখন আমার নিজের ঘাড়ে যখন দায়িত্ব পড়েছে, তখন আমি সেই সমস্যাগুলোর সমাধানের জন্য কাজ শুরু করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দৃশ্যমান অনেক কিছু আসছে।
















