‘বিশ্ব ফুটবল পরিচালনার জন্য অযোগ্য ইনফান্তিনো’

২০২৬ বিশ্বকাপ নিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। সেই সমালোচনার জবাবও দিয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর এই জবাবের পর কড়া প্রতিক্রিয়াও পেয়েছেন ফিফা প্রধান। ইনফান্তিনোকে বিশ্ব ফুটবল পরিচালনার অযোগ্য আখ্যা দিয়েছেন একটি মানবাধিকার সংস্থার পরিচালক।
১৯ জুলাই শেষ হওয়া বিশ্বকাপে মাঠের বাইরের বিতর্ক, সমালোচকদের তোপ আর বিষোদ্গার—সবকিছুর জবাব এক খোলাচিঠিতে দেন ইনফান্তিনো। এক দীর্ঘ বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে যারা ‘ঘৃণা’ করেন, তাদের উচিত এর বদলে ‘ধ্যান করা, প্রার্থনা করা কিংবা ফুটবল ম্যাচ দেখা’।
সমালোচকদের উদ্দেশে ফিফা প্রধান আরও লেখেন, ‘আপনারা সমালোচনা আর ঘৃণায় এতটাই অন্ধ হয়ে ছিলেন যে ফুটবল উৎসবের আসল আনন্দটাই মিস করে গেছেন।’
ইনস্টাগ্রামে প্রকাশিত ১৫ পাতার বার্তায় ইনফান্তিনো দাবি করেন, সমালোচকেরা ‘সব আনন্দ ও সম্প্রীতি এড়িয়ে গেছেন’ এবং তারা ‘ঘৃণা ও মিথ্যা গুজব ছড়িয়েছেন’।
তবে টিকিটের দাম বাড়িয়ে মুনাফা আয় এবং ডোনাল্ড ট্রাম্পের তদবিরের পর মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিল—এসব বিষয়সহ নানা বিতর্কে বিদ্ধ হয়েছিল এবারের বিশ্বকাপ।
বিশ্বকাপে ইনফান্তিনোর আচরণ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে (আইওসি) অভিযোগ করা মানবাধিকার সংস্থা ফেয়ারস্কোয়ার ইনফান্তিনোর জবাবের প্রতিক্রিয়ায় বলেছে, এই বিবৃতি প্রমাণ করে নিজের অজনপ্রিয়তা সম্পর্কে তার কোনো ধারণাই নেই।
ফেয়ারস্কোয়ারের পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা নিকোলাস ম্যাকগিহান ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে বলেন, ‘ইনফান্তিনোর হিসাব চুকানোর বক্তব্য বিশ্ব ফুটবল পরিচালনার ক্ষেত্রে তার অযোগ্যতাকে আরও প্রকট করে তোলে। তিনি সংস্থার ভেতরে তোষামোদকারীদের দ্বারা বেষ্টিত এবং বাইরে নিজের অজনপ্রিয়তার বাস্তব পরিস্থিতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।’
















