মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ তার চোখটা ফিরিয়ে দিন : নাসীরুদ্দীন পাটওয়ারী

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় হামলায় এক কিশোরের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দৃষ্টিশক্তি হারাতে বসা ছেলেটির চোখ ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার দিবাগত মধ্যরাতে দেওয়া ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘ক্লাস টেনের যে ছেলেটির চোখে আঘাত করা হয়েছে, আগামীকাল সকাল ১০টায় তার অপারেশন। সে এখনো বিশ্বাস করে, অপারেশনের পর আবার পৃথিবীকে দেখতে পারবে। অথচ চিকিৎসক জানিয়েছেন, তার একটি চোখ আর কখনোই ফিরে আসবে না।’
তিনি আরও লিখেছেন, ‘তার চোখ কেড়ে নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, প্লিজ তার চোখটা ফিরিয়ে দিন। আপনি যেভাবে ইচ্ছা ক্ষমতা চালান— আমরা চুপ করে যাব, তবে একটি নিরপরাধ শিশুর হারানো চোখ ফিরিয়ে দিন।’
এর আগে মঙ্গলবার এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী (১৯) চোখে আঘাত পান।
এনসিপি অভিযোগ করে, ছাত্রদলের নেতা-কর্মীরা রড দিয়ে আলিফ চৌধুরীর চোখ বরাবর আঘাত করে। চিকিৎসকরা তার দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন।














